সন্ত্রাসবাদে জড়িত থাকা, বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগদান এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ার অপরাধ প্রমাণিত হওয়ায় নিজেদের দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশটির কঠোর জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এই দণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত দুই নাগরিক হলেন ফাদেল বিন হাসান বিন আব্দুল্লাহ আল-সাফওয়ানি এবং জাওয়াদ বিন আলি কুরাইশ। তাদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রক্ষা করা, দেশে সন্ত্রাসবাদে অর্থায়ন করা এবং দায়িত্ব পালনরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে অস্ত্র ও গুলি চালানোর গুরুতর অভিযোগ আনা হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করার পর দীর্ঘ তদন্ত শেষে আদালতে সুনির্দিষ্ট চার্জশিট দাখিল করে।
আইনি প্রক্রিয়া শেষে আদালত তাজির হিসেবে তাদের মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। পরবর্তীতে দেশের উচ্চ আদালত আপিল বিভাগেও সেই রায় বহাল থাকে এবং সবশেষে রাজকীয় আদেশ জারির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া সম্পন্ন হয়। গত শনিবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে এই দণ্ড কার্যকর করা হয়।
এই ঘটনার পর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তীব্র সতর্কবার্তা উচ্চারণ করে বলা হয়েছে, যারা দেশীয় বা আন্তর্জাতিকভাবে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার সঙ্গে যুক্ত হবে, তাদের সকলের জন্যই কঠোর আইনানুগ পরিণতি অপেক্ষা করছে। উল্লেখ্য, অপরাধ দমনে বিশ্বের অন্যতম কঠোর দেশগুলোর মধ্যে সৌদি আরব অন্যতম এবং সেখানে বিচারিক প্রক্রিয়া শেষে প্রায়ই এ ধরনের সাজা কার্যকর করা হয়ে থাকে।

