২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকার ৪৩ হাজার ১৯৬ কোটি টাকা ভর্তুকি দিয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
মন্ত্রী জানান, ওই অর্থবছরে দেশে বিদ্যুতের গড় উৎপাদন খরচ ছিল প্রতি ইউনিট ১১ টাকা ১৬ পয়সা। বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে গ্রাহকদের কাছে প্রতি ইউনিট গড়ে ১০ টাকা ৪০ পয়সা দরে বিদ্যুৎ বিক্রি করা হয়েছে। অন্যদিকে, বেসরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে প্রতি ইউনিট গড়ে ১৩ টাকা ২০ পয়সা দরে বিদ্যুৎ কিনেছে সরকার। ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের পার্থক্য ভর্তুকি হিসেবে দেওয়া হয়েছে।
এলএনজি খাতেও একই অর্থবছরে ১৪ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার। মন্ত্রী বলেন, দেশের মোট গ্যাস সরবরাহের প্রায় ৩৫ শতাংশ আমদানি করা এলএনজি পুনর্গ্যাসীকরণের মাধ্যমে সরবরাহ করা হয়। উচ্চমূল্যে এলএনজি আমদানি করে গ্রাহকদের নির্ধারিত দামে গ্যাস দিতে গিয়ে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে।
জ্বালানি তেলের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের তুলনায় কম দামে বিক্রি করায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিজস্ব তহবিল থেকে আমদানি কার্যক্রম চালাতে হচ্ছে। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিপিসির লোকসান হয়েছে ২৭ হাজার ৬৬৯ কোটি ৭৯ লাখ টাকা। আন্তর্জাতিক বাজারে দাম আরও কমলে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুযায়ী দেশে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হবে।
জ্বালানি সরবরাহ বাড়াতে যুক্তরাষ্ট্র ও আলজেরিয়ার সঙ্গে এলপিজি আমদানির সমঝোতা স্মারক স্বাক্ষর এবং সীতাকুণ্ড, মোংলা ও মাতারবাড়ীতে স্টোরেজ ও বটলিং প্লান্ট স্থাপনের উদ্যোগের কথাও জানান মন্ত্রী। পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস সংকটের পেছনে দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা, অপরিকল্পিত নীতি ও বৈশ্বিক জ্বালানি সংকটকে দায়ী করেন তিনি।

