‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জয়ের পর এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার প্রস্তুতি নিচ্ছেন সামিরা খান মাহি। বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেছেন, ‘আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’
শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী হিসেবে মাহির নাম ঘোষণা করা হয়। এ জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি।
বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি বলেন, ‘বাবা-মা আমাকে বলেছে, যাও, বিশ্ব জয় করে আসো। সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি, বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি।’
ছোট পর্দার পরিচিত মুখ মাহির সামনে এবার নতুন চ্যালেঞ্জ। আন্তর্জাতিক মঞ্চে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাকে। তার এই যাত্রায় শুভাকাঙ্ক্ষীরা বাংলাদেশের প্রতিনিধিত্বে সাফল্যের প্রত্যাশা করছেন।

