প্রধান খবর

‘ইরানি বাহিনী যুদ্ধের আগের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সংঘাতের অভিজ্ঞতা অর্জনের পর ইরানের সামরিক বাহিনী আগের তুলনায় আরও বেশি সতর্ক, সুসংগঠিত ও শক্তিশালী অবস্থানে রয়েছে বলে দাবি করেছেন দেশটির সেনাপ্রধানের কার্যালয় বা সশস্ত্র বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া। তিনি জানান, যুদ্ধ শুরুর সময়কার পরিস্থিতির তুলনায় বর্তমানে ইরানি সেনাদের মনোবল ও আত্মবিশ্বাস বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে বলা হয়, ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকরামিনিয়া সম্প্রতি বাহিনীর সামরিক সক্ষমতা ও বর্তমান পরিস্থিতি তুলে ধরে এক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি উল্লেখ করেন, শত্রুভাবাপন্ন শক্তির সামনা-সামনি সংঘাতের মধ্য দিয়ে ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী নতুন অভিজ্ঞতা লাভ করেছে। ফলে বর্তমানে বাহিনীর প্রতিটি সদস্যের মাঝে অভূতপূর্ব উদ্দীপনা, অঙ্গীকার এবং আত্মপ্রত্যয় সৃষ্টি হয়েছে।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালির প্রসঙ্গ টেনে মুখপাত্র স্পষ্ট জানান, এই সমুদ্রসীমার ওপর ইরানি সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ বহাল রয়েছে। যতক্ষণ পর্যন্ত মার্কিন প্রশাসন তেহরানের ন্যায়সংগত ও যৌক্তিক দাবিগুলো মেনে না নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই প্রণালি দিয়ে চলাচল বন্ধই রাখা হবে।

ইরানের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও জানান, যেকোনো আগ্রাসনের জবাবে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যে প্রতিক্রিয়া বা পাল্টা হামলা আসবে, তা হবে অত্যন্ত কার্যকর, তাৎক্ষণিক এবং কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *