প্রধান খবর

মরিশাসে কাচের ভারী বাক্সে চাপা পড়ে প্রাণ গেল ৩ বাংলাদেশি শ্রমিকের

মরিশাসে কর্মস্থলে কাজ করার সময় এক ভয়াবহ দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডে গত বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। কনটেইনার থেকে বিপুল ওজনের কাচের প্যানেলভর্তি কাঠের বাক্স বের করার সময় তা উল্টে গায়ের ওপর পড়লে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

নিহত তিন বাংলাদেশি হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) এবং সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। তাঁরা প্লেইন-দে-পাপাইয়েস অঞ্চলের একটি অ্যালুমিনিয়াম প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। জানা যায়, ৪১টি ভারী কাচের পাত সম্বলিত একটি বিশাল বাক্স কনটেইনার থেকে সরানোর সময় এই দুর্ঘটনা ঘটে। প্রতিটি কাচের পাতের আকার ছিল ৬ ফুট বাই ৮ ফুট এবং পুরুত্ব ছিল ৬ মিলিমিটার।

স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রমতে, বুধবার বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে জরুরি চিকিৎসাসেবা ও মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কনটেইনারের ভেতর থেকে আটকে থাকা মরদেহগুলো উদ্ধার করেন। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশগুলো স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার পর মরিশাসের শ্রম মন্ত্রণালয় ইতিমধ্যেই আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শুরু করেছে। দেশটির সংবাদমাধ্যম ‘ল্য ডেফি মিডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, ক্রেন পরিচালনায় ভুলের কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির শ্রমমন্ত্রী রেজা উতিম জানান, নিহত তিন শ্রমিকেরই বৈধ কাজের অনুমতি ছিল এবং তাঁরা গত মে মাস থেকে সেখানে কর্মরত ছিলেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে জানান, নিয়োগকারী প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং স্বজনদের ইচ্ছা অনুযায়ী লাশ বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার সমস্ত ব্যয় বহন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *