প্রধান খবর

রেলওয়ের জমি দখল করে ১৮ তলা ‘এলিট টাওয়ার’, নির্মাণকাজ বন্ধের নির্দেশ

ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় রেলওয়ের জমি দখল করে ‘এলিট টাওয়ার’ নামে ১৮ তলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। সরেজমিনে জমি পরিমাপ করে অভিযোগের সত্যতা পাওয়ার পর ভবনটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে অনুমোদিত নকশা বাতিলের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. এরশাদ উদ্দিন ঘটনাস্থলে জমি পরিমাপ করেন। এ সময় দেখা যায়, সড়কসংলগ্ন রেলওয়ের প্রায় ১৩ ফুট জায়গা ভবনটির সীমানার ভেতরে নেওয়া হয়েছে। এরপরই তিনি নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন।

মো. এরশাদ উদ্দিন বলেন, রেলওয়ের জমিতে কোনো ধরনের বহুতল ভবন নির্মাণ করতে দেওয়া হবে না। সরেজমিনে রেলের জায়গায় ভবন নির্মাণের প্রমাণ পাওয়ায় কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করে নির্মাণকাজ চালালে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি রেললাইনের পাশে বহুতল ভবন নির্মাণের অনুমোদনের আগে রেলওয়ের মতামত নেওয়া বাধ্যতামূলক করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হবে।

এর আগে বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলু মিয়ার নেতৃত্বে ভবনটিতে অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২০ সালে গণপূর্ত বিভাগ থেকে ১৮ তলা ভবনটির নকশা অনুমোদন নেওয়া হয়েছিল। সম্প্রতি নির্মাণকাজ শুরু হলে নকশা অনুমোদন প্রক্রিয়া ও অনিয়ম নিয়ে প্রশ্ন ওঠে। ডেভেলপার জালাল উদ্দিনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে নকশা অনুমোদনে জালিয়াতির অভিযোগ রয়েছে।

তবে ভবনটির ডেভেলপার ও নগরীর মুসলিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, নিয়ম মেনেই ১৮ তলা ভবন নির্মাণের অনুমোদন নেওয়া হয়েছে। ভবনটিতে ১০৫ জন শেয়ারহোল্ডার রয়েছেন। তবে রেলওয়ের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে আপাতত নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *