বাবার বেকারত্ব, সংসারে নিত্যদিনের অভাব-অনটন আর শত প্রতিকূলতাকে পেছনে ফেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছে যমজ দুই বোন রহিমা সরদার ও রাবেয়া সরদার। ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় মানবিক বিভাগ থেকে দুজনেই জিপিএ-৫ অর্জন করেছে। বিশেষ করে, সমগ্র উপজেলার চৌদ্দটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একমাত্র এই দুই বোনই জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করায় পুরো এলাকায় আনন্দের জোয়ার বইছে।
যমজ এই দুই মেধাবী শিক্ষার্থীর বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের রামকার্জি গ্রামে। তারা রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন। কলেজ সূত্রে জানা যায়, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১৪২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় পাস করলেও জিপিএ-৫ পাওয়ার কৃতিত্ব দেখিয়েছে কেবল এই দুই বোন। এমনকি এই উপজেলার সাতটি কলেজ, তিনটি স্কুল অ্যান্ড কলেজ এবং চারটি কারিগরি প্রতিষ্ঠানসহ মোট ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কেবল তারাই সর্বোচ্চ এই ফলাফল অর্জন করেছে।
পরিবার সূত্রে জানা যায়, রহিমা ও রাবেয়ার বাবা মনির হোসেন সরদার রিজু দীর্ঘদিন ধরে বেকার। মা নাসিমা বেগম অত্যন্ত সীমিত সামর্থ্য আর কষ্টের মধ্য দিয়ে তিন মেয়ের সংসার চালিয়েছেন। বড় মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর ছোট দুই জমজ মেয়ের পড়াশোনার খরচ জোগাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে এই দম্পতিকে। তবে চরম আর্থিক সংকট ও দারিদ্র্য তাদের পড়াশোনার অদম্য স্পৃহাকে দমিয়ে রাখতে পারেনি।
মেধাবী এই দুই বোনের শিক্ষাজীবন সহজ করার জন্য এগিয়ে এসেছিলেন বেশ কয়েকজন শিক্ষক ও কলেজ কর্তৃপক্ষ। প্রাইভেট শিক্ষক মোসলেম উদ্দিন, আহসান হাবিব ও সোহেল স্যার তাদের মধ্যে একজনকে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে পড়িয়েছেন। এ ছাড়া কলেজ কর্তৃপক্ষ ভর্তি, ফরম পূরণসহ নানা ক্ষেত্রে বিশেষ আর্থিক ছাড় দিয়েছে এবং তারা সরকারি উপবিধিমতে উপবৃত্তির সুবিধাও পেয়েছে।
আবেগাপ্লুত কণ্ঠে মা নাসিমা বেগম বলেন, “আমার স্বামী বেকার থাকায় অনেক কষ্ট করে মেয়েদের বড় করেছি। এলাকার শিক্ষক এবং কলেজের অধ্যক্ষ স্যার যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তা না হলে মেয়েদের এত দূর আনা সম্ভব হতো না।”
নিজেদের কঠোর পরিশ্রম ও ভবিষ্যৎ লক্ষ্যের কথা জানিয়ে রহিমা ও রাবেয়া বলে, “বাবার কষ্ট লাঘব এবং নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যেই আমরা দিনরাত পড়াশোনা করেছি। কলেজে যাতায়াত ও খাওয়ার সময়টুকু বাদ দিয়ে বাকি সময়টা পড়াশোনাতেই কাটিয়েছি, এমনকি ঘুমও হতো খুব সীমিত। এখন আমাদের মূল লক্ষ্য ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা লাভ করা।”
শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহা. জহুরুল ইসলাম জানান, উপজেলার চৌদ্দটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মানবিক শাখা থেকে কেবল এই যমজ বোনই জিপিএ-৫ অর্জন করেছে, যা পুরো কলেজের জন্য অত্যন্ত গর্বের বিষয়। কলেজ পরিবারের পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

