খুলনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর লংমার্চ কর্মসূচি শেষে ফেরার পথে সাতক্ষীরার তালায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। একজন বয়োবৃদ্ধ পথচারীকে বাঁচাতে গিয়ে জামায়াত-শিবির নেতাকর্মীদের বহনকারী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এই আকস্মিক দুর্ঘটনায় পথচারীসহ অন্তত ২০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ওই পথচারী।
গত শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে ব্যস্ততম ঢাকা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার কুমিরা ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম আব্দুল খালেক (৭০)। তিনি পাটকেলঘাটার খলিশখালী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনার লংমার্চ শেষ করে নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে ফিরছিলেন। পথিমধ্যে মির্জাপুর বাজার এলাকায় পৌঁছালে বয়োবৃদ্ধ আব্দুল খালেক রাস্তা পার হওয়ার সময় তাকে বাঁচাতে গিয়ে চালক হঠাৎ ব্রেক করেন এবং পেছনের অপর একটি বাসের ধাক্কায় বাসটি খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা অন্তত ২০ জন জামায়াত-শিবির নেতাকর্মী গুরুতর আহত হন। অন্যদিকে, ঘটনাস্থলেই পথচারী আব্দুল খালেকের মর্মান্তিক মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হৃদয়বিদারক এই দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্যসহ জেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। তারা আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

