প্রধান খবর

ভুয়া তথ্যের আড়ালে ফ্রান্সের প্রকৃত সংকট

শিক্ষাব্যবস্থার অবনতি, শিক্ষক সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি সেবার মান নিয়ে অসন্তোষের জেরে ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে। তবে চলমান এই নাগরিক আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্যের কারণে আড়ালে পড়ে যাচ্ছে দেশটির প্রকৃত সামাজিক ও অর্থনৈতিক সংকট।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কয়েকটি চরম ডানপন্থী গোষ্ঠী ও ষড়যন্ত্র তাত্ত্বিক অনলাইনে এই আন্দোলনকে শ্বেতাঙ্গবিরোধী অভ্যুত্থান কিংবা ইসলামপন্থী বিদ্রোহ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফ্রান্সের পরিস্থিতির জন্য অভিবাসনকে দায়ী করে দেশটির সীমান্ত বন্ধের আহ্বান জানিয়েছেন।

তবে স্বাধীন তথ্য যাচাইয়ে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বেশ কিছু ছবি ও ভিডিও বর্তমান বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত নয়। এমনকি ২০২২ সালের একটি পুরোনো বাসে অগ্নিকাণ্ডের দৃশ্যও সাম্প্রতিক সহিংসতার ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে। পাশাপাশি হতাহতের সংখ্যা ও ধর্মীয় স্থাপনায় হামলা নিয়েও প্রমাণহীন দাবি ছড়ানো হচ্ছে।

প্যারিসের শ্রমিক-অধ্যুষিত শহরতলি থেকে শুরু হওয়া আন্দোলন ইতোমধ্যে মার্সেই, বোর্দো, লিওঁ, নিস ও স্ট্রাসবার্গসহ বিভিন্ন শহরে বিস্তৃত হয়েছে। সংঘর্ষে শত শত পুলিশ সদস্য আহত হয়েছেন। কয়েকটি এলাকায় সরকারি স্থাপনা, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

উদ্ভূত পরিস্থিতিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন। সরকারি সম্পত্তি রক্ষা এবং আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মূলত জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর প্রতিবাদে আন্দোলনের সূচনা হলেও পরবর্তী সময়ে শিক্ষক, অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শ্রমিক সংগঠনগুলো এতে যুক্ত হয়। জ্বালানির মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতি এবং ক্রমবর্ধমান সামাজিক বৈষম্য আন্দোলনকে আরও বিস্তৃত করেছে।

বিশ্লেষকদের মতে, ফ্রান্সের দীর্ঘ প্রতিবাদী রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকতায় বর্তমান আন্দোলনও নাগরিক অধিকার ও অর্থনৈতিক সংস্কারের দাবিকে সামনে এনেছে। তবে অনলাইনে অপতথ্যের বিস্তার দেশটির প্রকৃত সংকট ও আন্দোলনকারীদের মূল দাবিগুলোকে জনআলোচনা থেকে সরিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *