দেশজুড়ে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক তৎপরতা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রতিটি উপজেলায় বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সদস্যসচিব থাকবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে কমিটির সদস্যসংখ্যা, কার্যপরিধি ও গঠনের সময়সীমা সম্পর্কে এখনো বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, পরবর্তী সময়ে এসব বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা আসতে পারে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত সপ্তাহে কুমিল্লায় সংশ্লিষ্টতার সন্দেহে পাঁচ শতাধিক এবং চাঁদপুরে ৭৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গত ৬ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া শহরে অভিযানে ৪২ কিশোরকে আটক করে পরে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। চট্টগ্রামে কিশোর হৃদয় হত্যাকাণ্ডের পেছনেও কিশোর গ্যাংয়ের বিরোধের যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর ও পল্লবী এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। পাশাপাশি বিভিন্ন জেলায় সন্দেহভাজন কিশোরদের গ্রেপ্তারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কারাগারগুলোতে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে বলে কারা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন।

