প্রধান খবর

সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

সাভারে বকেয়া বেতনের দাবিতে স্টেট ফাস্ট নামে একটি কুরিয়ার সার্ভিসের শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকরা হঠাৎ সড়কে নেমে আসেন। তাদের বিক্ষোভে ওই সময় মহাসড়কে যান চলাচল আংশিকভাবে ব্যাহত হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তার ভাষায়, “আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এখনো পৌঁছাতে পারিনি। পরে বিস্তারিত জানানো হবে।”

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বকেয়া বেতন পরিশোধ না করায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। বারবার দাবি জানানো হলেও মালিকপক্ষ কোনো সমাধান দেয়নি। বাধ্য হয়েই তারা সড়ক অবরোধে নামেন।

রাতের এই বিক্ষোভে মহাসড়কে আটকে পড়েন বহু যাত্রী। স্থানীয়রা জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে, তবে বেতন পরিশোধের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়তে রাজি নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *