ওমানে আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা হবে, আর সেই চাঁদ দেখার ওপরই নির্ধারিত হবে দেশটিতে ঈদুল ফিতরের দিন। ওমানের প্রধান চাঁদ দেখা কমিটি দেশজুড়ে নাগরিক ও প্রবাসীদের পশ্চিম আকাশে নজর রাখার অনুরোধ জানিয়েছে। কেউ নিশ্চিতভাবে চাঁদ দেখতে পেলে তা কমিটিকে জানানোর আহ্বানও জানানো হয়েছে।
কমিটি জানিয়েছে, ১৪৪৭ হিজরি সালের শাওয়ালের চাঁদ দেখার জন্য তারা ১৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে বসবে। সাধারণত তাদের সিদ্ধান্তের মাধ্যমেই রমজানের সমাপ্তি এবং ঈদুল ফিতরের শুরুর দিন ঘোষণা করা হয়। ওমানে বহু বছর ধরেই এই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
এদিকে সৌদি আরবের সুপ্রিম কোর্ট জানিয়েছে, বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার দেশটিতে ঈদ উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ হবে। কাতারের আওকাফ মন্ত্রণালয়ও বুধবার সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। কেউ চাঁদ দেখতে পেলে দোহার আল দাফনা এলাকায় মন্ত্রণালয়ের কার্যালয়ে গিয়ে সাক্ষ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে। মাগরিবের নামাজের পরপরই তাদের কমিটি বৈঠকে বসবে।
ভৌগোলিক অবস্থানের কারণে ওমান অনেক সময় সৌদি আরবের একদিন পর ঈদ উদযাপন করে থাকে। তাই বৃহস্পতিবার চাঁদ দেখা না গেলে ওমানে ঈদ পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

