প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব ডি এম আতিকুর রহমান জানিয়েছেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।
শনিবার সকাল ১১টায় ১১তম গ্রেডের এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে সারা দেশ থেকে তিন লাখের বেশি প্রার্থীর অংশ নেওয়ার কথা ছিল। পরীক্ষা আয়োজনের জন্য রাজধানীতে প্রায় ১০০টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছিল।
পরীক্ষার আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়লে নিয়োগের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এ পরিস্থিতিতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় অধিদপ্তর।

