প্রধান খবর

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে তার দায় জামায়াতকে নিতে হবে: নগরকান্দায় শামা ওবায়েদ

বিরোধী দল যদি যথাযথ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হয় এবং সেই সুযোগে অপশক্তি পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠে, তবে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসার দায় জামায়াতে ইসলামীকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শুক্রবার (৯ অক্টোবর) ফরিদপুরের নগরকান্দায় বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিক্রিয়া জানান। দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

বক্তব্যকালে বিগত সরকারের তীব্র সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, “আমরা বিগত ১৭ বছর ধরে হামলা, মামলা, গুম ও অব্যাহত নির্যাতন সহ্য করেছি। ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে যখন স্বৈরাচার পরাজিত হলো এবং দেশ ক্রমান্বয়ে স্থিতিশীলতার দিকে এগোচ্ছে, ঠিক তখনই একটি মহল আবার ফ্যাসিবাদী শক্তিকে পুনরুজ্জীবিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।”

তিনি বিদ্যুৎ খাতের দুর্নীতির কঠোর সমালোচনা করে উল্লেখ করেন যে, বিদ্যুৎ খাতে শেখ হাসিনা সরকার সবচেয়ে বেশি অনিয়ম ও দুর্নীতি করেছে। এমনকি অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের সময়েও এ খাতে প্রত্যাশিত কোনো অগ্রগতি হয়নি, যা বর্তমান সরকার এখন সুচারু প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “দলের ভেতরে যেন কোনো স্বৈরাচারী বা সুযোগসন্ধানী গোষ্ঠী প্রবেশ করে ক্ষতি সাধন করতে না পারে, সে বিষয়ে আমাদের চরম সতর্কতা অবলম্বন করতে হবে।” পাশাপাশি, মুক্তিযোদ্ধাদের অবদানকে যারা খাটো করতে কিংবা অপমান করতে চায়, তাদের বিরুদ্ধে বিএনপির অবস্থান সর্বদা কঠোর থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, বিক্ষোভ মিছিলটি নগরকান্দা সদরের পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরকান্দা এমএন একাডেমি মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *