দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি-কে ঘিরে আবারও বিয়ের জোর গুঞ্জন উঠেছে। সম্প্রতি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মন্দানা-র বিয়ে নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে ‘বাহুবলী’ খ্যাত এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন।
বাহুবলী সিনেমায় প্রভাস-এর সঙ্গে আনুশকার অনস্ক্রিন রসায়ন দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করেছিল। এর জের ধরে বাস্তব জীবনেও তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা ছিল। যদিও সেই গুঞ্জন কখনোই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
সাম্প্রতিক সময়ে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে, পরিবারের পছন্দ করা এক ব্যবসায়ীর সঙ্গে আনুশকার বিয়ের আলোচনা এগিয়েছে। দুই পরিবারের দীর্ঘদিনের পরিচয়ের সূত্র ধরে এই সম্পর্ককে বৈবাহিক বন্ধনে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
খবর অনুযায়ী, সম্ভাব্য বিয়েটি ঘরোয়া পরিবেশেই সম্পন্ন হতে পারে, যেখানে কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত থাকবেন। যদিও এখনো কোনো নির্দিষ্ট তারিখ বা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
এ কারণে বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে। এখন দেখার বিষয়, সত্যিই কি শিগগিরই নতুন জীবনে পা রাখবেন আনুশকা, নাকি এটি কেবল তারকাজীবনের আরেকটি আলোচিত গসিপ হয়ে থাকবে।

