পাকিস্তানকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ। এবার নিউজিল্যান্ডকে আতিথ্য দেয়ার পালা টাইগারদের। আগামী মাসে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। দুই সংস্করণের এই সিরিজ উপলক্ষে আগেই নিশ্চিত হয়েছিল সূচি, এবার চূড়ান্ত হলো সিরিজের ভেন্যুও।
দুইটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলো। ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
আগের ঘোষণা অনুযায়ী, আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। যদিও কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না তারা। ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। মিরপুরে প্রথম দুটি ওয়ানডে ১৭ ও ২০ এপ্রিল। আর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে। দিবা-রাত্রির এই ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়।
টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হবে চট্টগ্রামে। দুইটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়। আর সিরিজের শেষ ম্যাচটি হবে মিরপুরে। যদিও এটি শুরু হবে দুপুর ২টায়।
কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আগামী বছরের বিশ্বকাপে সরাসরি জায়গা করে শীর্ষ নয়ে থাকতে হবে। বর্তমানে বাংলাদেশ নবম স্থানেই আছে। নিউজিল্যান্ডকে সিরিজ হারিয়ে সেটি আরও বাড়িয়ে নেয়ার সুযোগ থাকছে।
এখনো পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে ১১ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে নিউ জিল্যান্ডজিতেছে ৯টি সিরিজ, বাংলাদেশ ২টি। বাংলাদেশ জয়ী সিরিজের ২টিই খেলেছে দেশের মাঠে; ২০১০ সালে ৪-০ ও ২০১৩ সালে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশড হয়েছিল কিউইরা।

