কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আরও ৩৭৯ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের উৎপাত রয়েছে এমন চিহ্নিত স্থান, আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, আটক ৩৭৯ জনের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, উঠতি বয়সী কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। এর আগে তিন দফা অভিযানে কুমিল্লা মহানগরীসহ ১৮ থানা থেকে ১ হাজার ২৯৪ জনকে আটক করা হয়েছিল।

