প্রধান খবর

‘সাদিক কায়েম মেয়েদের প্যান্ট-জার্সি পরিয়ে মাঠে নামিয়ে গর্ব করে’: চরমোনাই পীর

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য বাস্কেটবল টুর্নামেন্ট আয়োজন ও পোশাককে কেন্দ্র করে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমের কড়া সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি অভিযোগ করে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের প্যান্ট-জার্সি পরিয়ে মাঠে নামানোর মাধ্যমে একটি অনাকাঙ্ক্ষিত ও অসুন্দর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে বক্তব্য প্রদানকালে চরমোনাই পীর বলেন, “সাদিক কায়েম মেয়েদের প্যান্ট-জার্সি পরিয়ে খেলায় নামিয়ে সমাজে একটি অসংগত পরিবেশ তৈরি করছে। এরপর আবার সে ঔদ্ধত্য প্রকাশ করে গর্বের সঙ্গে বলছে, দেশের ইতিহাসে নাকি তারাই প্রথম এটি করতে পেরেছে! কত কৌশল! কিন্তু এই সব কৌশল কতদিন চালানো যাবে? এই ধরনের সাংস্কৃতিক অবক্ষয় পরিবর্তনের জন্য আপনাদের অন্তরে কোনো অনুশোচনা বা ক্ষোভের আগুন জ্বলে ওঠে না?”

দেশের সার্বভৌমত্ব ও বর্তমান সার্বিক সমাজচিত্র তুলে ধরে ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, “স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ইতোমধ্যে পার হয়েছে। দেশের মুক্তিকামী মানুষ অকাতরে জীবন দিয়েছে, আন্দোলন-সংগ্রাম করেছে। অথচ এখনো সাধারণ মানুষ প্রকৃত মুক্তির স্বাদ পায়নি। একই পুঁজিবাদী ও ধর্মনিরপেক্ষ নীতিতে দেশ পরিচালিত হতে থাকলে স্বাধীনতার শতবর্ষ পালিত হলেও সাধারণ খেটে খাওয়া মানুষের ভাগ্যের কোনো ইতিবাচক পরিবর্তন ঘটবে না।”

দেশে চলমান সামাজিক অনাচারের ওপর উদ্বেগ প্রকাশ করে চরমোনাই পীর বলেন, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, লুটপাট এবং গুম-খুনের মতো ঘৃণ্য অপরাধ দিন দিন জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব অপকর্ম ও সামাজিক অনাচার কঠোর হস্তে দমন করতে ক্ষমতাসীন সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। জনগণ বারবার রাজনৈতিক দল পরিবর্তন করে ক্ষমতায় এনে দেখেছে, কিন্তু প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র ও সমাজে কখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়। সেই সঙ্গে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো ইশতেহারের লোভনীয় বার্তা দিয়ে পরে জনগণকে ভুলে গিয়ে প্রতারণা করে বলে মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *