লক্ষ্মীপুরের ছয়টি থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ২৬৬ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে ২১৪ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া হত্যা, ধর্ষণ ও মাদকসহ বিভিন্ন মামলার আসামি ৫২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানে সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর থানার পুলিশ, গোয়েন্দা বিভাগ এবং জেলা পুলিশের সদস্যরা অংশ নেন। কিশোর অপরাধ, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে উত্ত্যক্ত করা, মাদক ও মারামারির অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, কিশোর গ্যাং ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্তানদের বিষয়ে অভিভাবকদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

