প্রধান খবর

স্টুডিও ভাঙচুরের পর মুখ খুললেন সালমান মুক্তাদির

রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সংঘটিত এ ঘটনায় স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম লুটের অভিযোগ উঠেছে। ঘটনার সময় সালমান ঢাকায় ছিলেন না। পরে ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন তিনি।

সালমান জানান, পুলিশের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, ভবনের মালিকের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না দেওয়ায় হামলার ঘটনা ঘটে বলে তাকে জানানো হয়েছে। তার ভাষ্য, হামলাকারীদের মূল লক্ষ্য ছিলেন প্রকল্পের মালিক, তবে এর মধ্যে তার স্টুডিওও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্টুডিওতে আর্থিক ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি সালমান। তিনি বলেন, এ বিষয়ে আইনজীবীর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন। তবে কোনো বাধাই তাকে থামাতে পারবে না বলে জানিয়েছেন তিনি। দেশে কিংবা বিদেশে থেকেও নিজের কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান এই কনটেন্ট ক্রিয়েটর।

স্টুডিওর এক কর্মকর্তার দাবি, হামলার সময় প্রায় ১০০ থেকে ১৫০ জন সেখানে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় কয়েকজনের হাতে অস্ত্র ছিল বলেও অভিযোগ করেন তিনি। ক্যান্টনমেন্ট থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, জায়গা দখলকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *