প্রধান খবর

শচীনের চেয়েও প্রতিভাবান সেই বিনোদ কাম্বলির ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে!

একসময় যাকে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের চেয়েও প্রতিভাবান ব্যাটার হিসেবে বিবেচনা করা হতো, ভারতের সেই সাবেক তারকা ক্রিকেটার বিনোদ কাম্বলির বর্তমান ঠিকানা হয়েছে একটি বৃদ্ধাশ্রম। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওবার্তার মাধ্যমে ছড়িয়ে পড়া এই চাঞ্চল্যকর তথ্যে ক্রীড়াঙ্গনে চরম বিস্ময় ও আক্ষেপের সৃষ্টি হয়েছে। প্রকাশিত ভিডিওতে ৫৪ বছর বয়সী কাম্বলিকে ওই বৃদ্ধাশ্রমের পরিচ্ছন্ন পরিবেশ ও সুযোগ-সুবিধার প্রশংসা করতে দেখা যায়। কিছুটা অস্পষ্ট গলায় কথা বললেও এই কেন্দ্রটিকে নিজের বাড়ির মতো মনে হচ্ছে বলে জানান তিনি।

বাল্যকালে শচীন টেন্ডুলকার ও বিনোদ কাম্বলি একই স্কুলে পড়াশোনা করার পাশাপাশি একসাথে ক্রিকেট খেলেই বড় হয়েছেন। স্কুল ও ঘরোয়া ক্রিকেটে দুজনের মধ্যে কে সেরা—এমন প্রশ্নে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব সহ তৎকালীন অনেক বিশেষজ্ঞই শচীনের বদলে কাম্বলির নাম উচ্চারণে দ্বিধা করতেন না। কিন্তু ক্রিকেট ক্যারিয়ারে শচীন নিজেকে বিশ্বসেরার উচ্চতায় নিয়ে গেলেও কাম্বলির বর্ণিল ক্যারিয়ার সময়ের সাথে সাথে আড়ালে ঢাকা পড়ে যায়।

ভারতের হয়ে ১৭টি টেস্ট ও ১০৪টি আন্তর্জাতিক ওয়ানডে খেলা সাবেক এই ক্রিকেটারের বেশ কিছুদিন ধরেই নানা শারীরিক জটিলতা দেখা গেছে। তার এক ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক আম্পায়ার দাবি করেছেন, মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে কাম্বলির স্মৃতিশক্তি আশঙ্কাজনকভাবে লোপ পেয়েছে। এছাড়া পূর্বে গুরুতর মূত্রনালির সংক্রমণেও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। যদিও কাম্বলির পরিবারের পক্ষ থেকে এসব জটিলতার খবরকে স্রেফ গুজব বলে দাবি করা হলেও, ক্রিকেট তারকা থেকে বৃদ্ধাশ্রমে ঠাঁই নেওয়ার এই ট্র্যাজেডি ভক্তদের মনে গভীর হাহাকারের জন্ম দিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *