প্রধান খবর

সালমান মুক্তাদিরের স্টুডিওতে তাণ্ডব: ‘এক জালিমের বদলে অন্য জালিম নয়’, ক্ষোভ প্রকাশ নাসীরুদ্দীন পাটওয়ারীর

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। চাঁদা না দেওয়ায় বিএনপির নেতাকর্মীরা এই তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগে ওঠে। সামাজিক মাধ্যমে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিক্রিয়া জানান তিনি।

শনিবার দিবাগত মধ্যরাতে এক ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “জুলাইয়ের কঠিন সময়ে যখন অনেকে নীরব ছিলেন, তখন সালমান মুক্তাদির প্রকাশ্যে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও আশ্রয়ের দায়িত্ব নেওয়ার কথাও বলেছিলেন তিনি।” দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, “রাজনৈতিক পরিবর্তনের পরও যদি একজন নাগরিককে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয় নিয়ে চলতে হয়, তাহলে সেই পরিবর্তনের অর্থ কী? এক জালিমের হাত থেকে মুক্ত হয়ে আরেক জালিমের হাতে পড়ার জন্য মানুষ জুলাইয়ে দাঁড়ায়নি।”

এর আগে ইসিবি চত্বরের স্টুডিওতে সশস্ত্র তাণ্ডবের বিষয়ে সালমান মুক্তাদির লাইভে এসে হামলার বিস্তারিত বিবরণ দেন। লাইভ ভিডিওতে দেখা যায়, সিসিটিভি ক্যামেরা, উচ্চ প্রযুক্তির সরঞ্জামসহ অফিসের অভ্যন্তরীণ কাঠামো ভেঙে তছনছ করা হয়েছে। সালমানের অভিযোগ, বিএনপির পরিচয়ধারী একটি গোষ্ঠী তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করেছিল। তা দিতে অস্বীকৃতি জানানোতেই আনুমানিক ১০০ থেকে ১৫০ জনের একটি সশস্ত্র দল হামলা চালিয়ে কার্যালয়ের জিনিসপত্র ভাঙচুর ও ছিনতাই করে। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেওয়া হয়।

ঘটনার পর সালমান মুক্তাদির স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানান। পোস্টের শেষ অংশে নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের সাধারণ মানুষ ও সচেতন নাগরিকদের চাঁদাবাজ, সন্ত্রাসী ও জালিমদের হাত থেকে রক্ষা করার জন্য প্রাথনা করেন এবং এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *