প্রধান খবর

সৌদিজুড়ে হামলার আতঙ্ক : পবিত্র মক্কায় সতর্কতা জারি

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন হামলার চরম আশঙ্কায় পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের একাধিক কৌশলগত এলাকায় একযোগে উচ্চ সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশের স্বয়ংক্রিয় আগাম সতর্কীকরণ ব্যবস্থা ‘ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম’-এর মাধ্যমে এই জরুরি সংকেত পাঠানো হয়। সৌদি সিভিল ডিফেন্সের বিজ্ঞপ্তিতে জানা যায়, মক্কা নগরী ছাড়াও লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইয়ানবু গভর্নরেট, তায়েফ, জেদ্দা ও তাবুক অঞ্চলের বাসিন্দাদের সম্ভাব্য বিপদ থেকে আত্মরক্ষার জন্য তাৎক্ষণিক বার্তা পাঠায় কর্তৃপক্ষ। যদিও সতর্কবার্তা সক্রিয় করার কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি বিবেচনা করে তা আবার তুলে নেওয়া হয়।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা বিমান কিংবা ড্রোন হামলা চালায় ঠিক এমন স্পর্শকাতর মুহূর্তে সৌদি নিরাপত্তা বাহিনী এই বিশেষ সাইরেন সক্রিয় করে থাকে। গত সপ্তাহেও রিয়াদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করা হয়, ২০১৭ সালের পর আবারও পবিত্র মক্কা নগরীকে নিশানা বানিয়ে ড্রোন হামলা চালুর চেষ্টা করেছিল হুতিরা, যা সৌদির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে আকাশেই ধ্বংস করে দেয়।

উল্লেখ্য, জুলাই মাসে সানা বিমানবন্দরে ইরানি বিমান অবতরণকে কেন্দ্র করে ২০২২ সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি কার্যত ভেঙে পড়েছে। এর পর থেকেই আন্তর্জাতিক নৌপথ ও তেলের ট্যাঙ্কার লক্ষ্য করে হামলা জোরদার করেছে হুতিরা। তেল রপ্তানির অন্যতম প্রধান রুট ‘বাব আল-মানদেব’ প্রণালির উপকূলীয় অঞ্চল হুতিদের দখলে চলে যাওয়ায় সমগ্র পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি পরিবহন ও নিরাপত্তার বিষয়টি বর্তমানে গভীর সংকটে পড়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *