ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে সংসদ সদস্যদের ব্যবহারের জন্য সরবরাহ করা হেডফোনের মান ও কার্যকারিতা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অধিবেশন চলাকালে কয়েকজন সংসদ সদস্য অভিযোগ করেন, তাদের দেওয়া হেডফোন ঠিকমতো কাজ করছে না এবং শব্দের মানও সন্তোষজনক নয়।
ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেম এ বিষয়ে প্রশ্ন তুলে বলেন, সরবরাহ করা হেডফোনগুলোর কারিগরি সীমাবদ্ধতার কারণে সংসদীয় কার্যক্রমে বিঘ্ন ঘটছে। বিশেষ করে শব্দের মান কম হওয়ায় অনেক সময় বক্তব্য পরিষ্কারভাবে শোনা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
অনুসন্ধানে জানা গেছে, সংসদে ব্যবহৃত হেডফোনগুলো যুক্তরাষ্ট্রের অডিও সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান শিউর-এর ‘এসআরএইচ২৪০এ’ মডেলের। আন্তর্জাতিক বাজারে এই মডেলের দাম প্রায় ৬৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৪৫৭ টাকার সমান।
জানা গেছে, এই মডেলটি মূলত হোম রেকর্ডিং ও সাধারণ ব্যবহারের জন্য তৈরি একটি এন্ট্রি-লেভেল হেডফোন। এতে বিস্তৃত ফ্রিকোয়েন্সি রেঞ্জ, পরিষ্কার মিড ও হাই সাউন্ড এবং বেস সমর্থন রয়েছে। পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহারের সুবিধার্থে এতে আরামদায়ক হেডব্যান্ড ও ইয়ার কাপ যুক্ত করা হয়েছে।
তবে একই ব্র্যান্ডের আরও উন্নত ও দামি হেডফোন বাজারে রয়েছে, যেগুলোর মান ও প্রযুক্তি তুলনামূলকভাবে অনেক উন্নত। ফলে সংসদ সদস্যদের জন্য কেন অপেক্ষাকৃত কম দামের এই মডেলটি নির্বাচন করা হয়েছে তা নিয়েই সংসদে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে।

