সৌদি আরবে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী ছয় মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ করেছেন। ভুক্তভোগী আব্দুল আলির পক্ষে তার স্ত্রী মৌসুমি আক্তার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে বকেয়া বেতন ও সৌদি আরবে যাওয়ার খরচসহ প্রায় সাড়ে চার লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, প্রায় ১৪ মাস আগে সৌদি আরবে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হন আব্দুল আলি। অভিযোগ অনুযায়ী, এখনো তার আকামা করা হয়নি এবং চুক্তি অনুযায়ী কাজও দেওয়া হয়নি। গত পাঁচ থেকে ছয় মাস ধরে তিনি কোনো বেতন পাননি বলে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বেতন দাবি করায় তাকে এবং আরও ১০ থেকে ১২ জন কর্মীকে কাজের স্থান থেকে বের করে দেওয়া হয়। এ অবস্থায় তাদের বকেয়া বেতন ও যাতায়াত খরচসহ মোট সাড়ে চার লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার।
এ বিষয়ে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক আহসান হাবিব বলেন, পাসপোর্ট ও ভিসার কাগজপত্র যাচাই করে বিষয়টি সম্পর্কে পরে জানানো সম্ভব হবে। তবে পরে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগটি তদন্তের মাধ্যমে যাচাই করা হবে। এরপর উভয় পক্ষের বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

