উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ব্যাংকের শাখায় সাম্প্রতিক হামলাগুলোকে সরাসরি প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সংস্থাটির মুখপাত্র সরদার নাইনি তাসনিম নিউজকে দেওয়া এক মন্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দুটি ব্যাংকে হামলা চালানোর পরই আমেরিকান ব্যাংকের শাখাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তার ভাষায়, শত্রুপক্ষ যদি একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যায়, তবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত সব মার্কিন ব্যাংকই বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
হামলার পর দুবাই আন্তর্জাতিক ফিন্যান্সিয়াল সেন্টার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরপর দুটি বিস্ফোরণের পর সিটিগ্রুপ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড তাদের কর্মীদের দ্রুত সরিয়ে নেয় এবং বাসা থেকে কাজের নির্দেশ দেয়।
আর্থিক খাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় কাতারে এইচএসবিসি তাদের সব শাখা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ব্যাংকগুলো বলছে, পরিস্থিতি অনিশ্চিত এবং ঝুঁকি বাড়ছে, তাই কর্মীদের নিরাপত্তাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার।
উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনা নতুন নয়, তবে সাম্প্রতিক হামলাগুলো স্পষ্টভাবে দেখাচ্ছে যে সংঘাত এখন অর্থনৈতিক অবকাঠামোকে কেন্দ্র করে আরও জটিল আকার নিচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি আঘাতের ফলে শুধু কূটনৈতিক সম্পর্কই নয়, আন্তর্জাতিক আর্থিক বাজারও অস্থিরতার মধ্যে পড়ছে।
ব্যাংকিং খাতের ওপর এই চাপ দীর্ঘমেয়াদে আঞ্চলিক অর্থনীতিকে আরও দুর্বল করে তুলতে পারে এমন আশঙ্কা বাড়ছে বিশেষজ্ঞদের মধ্যে।

