রোববার (১৫ মার্চ) সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। আগামী ২৮ মার্চ বৈঠক করে আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হবে, এরপর ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে এই জোট।
শনিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব জানান কমিটির সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার জন্য ১৫ মার্চই সরকারের শেষ দিন। তিনি দাবি করেন, সরকারকে অবিলম্বে অধিবেশন ডাকার ব্যবস্থা নিতে হবে।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, যদি সরকার অধিবেশন না ডাকে, তাহলে তারা জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে সরে দাঁড়ানোর দাবি তুলবেন। তিনি স্পষ্ট করে জানান, ১১ দলীয় ঐক্য তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে রাজপথে নামতে প্রস্তুত।

