চট্টগ্রামের পাহাড়তলি এলাকায় অবস্থিত বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ প্রকিউরমেন্ট বিভাগ চিফ কন্ট্রোলার অব স্টোরস (সিসিএস) দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে দপ্তরের পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়। নিয়মিত টহলকালে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য মো. সাব্বির হোসেন দপ্তরের পেছনে আগুনের ফুলকি দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে রাত ১১টা ২৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোলরুম জানিয়েছে, দ্রুত অভিযান পরিচালনার ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংস্কারকাজ চলাকালে ওয়েল্ডিংয়ের ফুলকি কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে দপ্তরের পেছনে রাখা কিছু পুরোনো কাগজপত্র আংশিকভাবে পুড়ে গেছে। তবে আগে থেকেই সংস্কার কাজের কারণে গুরুত্বপূর্ণ নথিপত্র অন্যত্র স্থানান্তর করায় বড় ধরনের নথি ক্ষতি হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় দুই দশক পর সিসিএস দপ্তরের অবকাঠামোগত সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলায় থাকা ভবনগুলোর ছাদ, সিলিং, ফ্লোর ও বৈদ্যুতিক ব্যবস্থার উন্নয়নে বর্তমানে কাজ চলছে। সংস্কার কাজ শেষ হলে দপ্তরের কর্মপরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের সরবরাহ ব্যবস্থাও আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

