দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। শনিবার সকাল ১০টা থেকেই এই নতুন মূল্য কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও কমানো হয়েছে। ২১ ক্যারেটের ভরিতে ২ হাজার ৫০৮ টাকা কমে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা। ১৮ ক্যারেটের ভরিতে ২ হাজার ১৫৭ টাকা কমে দাম হয়েছে ২ লাখ ৪০ হাজার ৭৭৫ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৬ হাজার ৬৫ টাকায়। ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৭৩২ টাকা।
বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং আন্তর্জাতিক দামের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

