প্রধান খবর

আমিরাতে আটকে পড়া প্রবাসীদের জন্য ৩০ দিনের ছাড়

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া প্রবাসী ও পর্যটকদের জন্য স্বস্তিদায়ক সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নির্ধারিত সময়ের মধ্যে দেশত্যাগ করতে না পারা কিংবা যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এমন ব্যক্তিদের জন্য ৩০ দিনের বিশেষ সময়সীমা বৃদ্ধি এবং জরিমানা মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে।

দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি) জানিয়েছে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ার কারণে যারা অনিচ্ছাকৃতভাবে অতিরিক্ত সময় অবস্থান করছেন, তাদের কোনো ধরনের ওভারস্টে জরিমানা দিতে হবে না। এ সিদ্ধান্তের ফলে সংকটে পড়া বহু প্রবাসী ও পর্যটক বড় ধরনের আর্থিক চাপ থেকে মুক্তি পাবেন।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যেসব প্রবাসীর রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের জন্য পুনরায় প্রবেশের বিশেষ অনুমতি দেওয়া হবে। পাশাপাশি ভিজিট বা ট্যুরিস্ট ভিসায় এসে আটকে পড়া বিদেশি নাগরিকদের জন্য অতিরিক্ত ৩০ দিনের গ্রেস পিরিয়ড নির্ধারণ করা হয়েছে, যাতে তারা পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বিঘ্নে নিজ দেশে ফিরে যেতে পারেন।

এছাড়া আটকে পড়া যাত্রীদের সহায়তায় বিনামূল্যে এক্সিট পারমিট বা দেশত্যাগের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের আকাশপথে বিঘ্ন ঘটলে জরুরি পরিস্থিতিতে কোনো ফ্লাইট আমিরাতে অবতরণ করলে সংশ্লিষ্ট যাত্রীদের জন্য বিনামূল্যে সাময়িক অবতরণ অনুমতিও দেওয়া হবে।

প্রশাসন জানিয়েছে, এই বিশেষ পরিস্থিতিতে সময়মতো ভিসা নবায়ন বা এক্সিট পারমিটের আবেদন করতে না পারাকে অভিবাসন আইনের লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে না। তবে আবেদন করার সময় বৈধ পাসপোর্ট, বর্তমান ভিসার কপি এবং পরবর্তী যাত্রার প্রমাণপত্র প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *