ইতালির ভেনিসে ঢাকাই চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর প্রবাসী আওয়ামী লীগ সমর্থকদের হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এই ন্যক্কারজনক ঘটনাকে ‘অমার্জনীয় ও তীব্র নিন্দনীয় অপরাধ’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, এ জাতীয় আচরণে চরম বর্বরতা ও নির্মমতার বহিঃপ্রকাশ ঘটেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশ চলাকালে এক জরুরি নোটিশের ওপর আলোচনা শেষে ডেপুটি স্পিকার এই মন্তব্য করেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন দেশীয় শিল্পীর ওপর এমন হামলা দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে বলেও ক্ষোভ প্রকাশ করা হয়।
এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে ইতালির ভেনিসে নিজের ওপর ঘটা ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন আজমেরী হক বাঁধন। একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পরিবারের সদস্যদের সঙ্গে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন এই অভিনেত্রী। ভেনিসের একটি স্থানীয় পার্কে ঘুরে বেড়ানোর সময় হঠাৎ একদল ইতালি প্রবাসী আওয়ামী লীগ সমর্থক তাঁর ওপর চড়াও হয়। হামলাকারীরা তাঁকে শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি শরীরে ডিম, পানি ও কোমল পানীয় ছুড়ে মারে। একপর্যায়ে তাকে জোরপূর্বক ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা হয় বলে অভিযোগে জানান বাঁধন।
২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজপথে অত্যন্ত সক্রিয় ও প্রতিবাদী ভূমিকা পালন করেছিলেন বাঁধন। ধারণ করা হচ্ছে, সেই রাজনৈতিক প্রতিহিংসার জের ধরেই বিদেশে তাঁর ওপর এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিনোদন অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত হামলাকারীদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির মুখোমুখি করার জোর দাবি উঠেছে।

