প্রধান খবর

প্রেসিডেন্ট জিয়া আধুনিক বাংলাদেশের কারিগর: পানিসম্পদ মন্ত্রী 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর অসাধারণ নেতৃত্বের মাধ্যমে দেশবাসীকে নতুন ও আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন এবং তিনিই আধুনিক বাংলাদেশের মূল কারিগর বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর ষষ্ঠ দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএনপি আজকের এই শক্তিশালী পর্যায়ে পৌঁছানোর নেপথ্যে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মূল ভূমিকা থাকলেও ত্যাগ, শ্রম ও রাজপথের সংগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের অসামান্য অবদান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই প্রেসিডেন্ট জিয়া ছাত্রদল গঠন করেছিলেন, যা তাঁর সুদূরপ্রসারী ও উদার দেশপ্রেমের অনন্য প্রমাণ। তিনি বলেন, ১৯৭১ সালে জিয়াউর রহমানের নেতৃত্বেই মুক্তিযুদ্ধে সাড়া দিয়েছিল এদেশের মানুষ। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, নিজে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন এবং মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তৎকালীন শাসকগোষ্ঠীর দুর্নীতি ও দুঃশাসনের পর ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমেই জিয়াউর রহমানের নেতৃত্বে এদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পায়। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে তারা রাজনীতিতে পরিচ্ছন্নতা ও শিষ্টাচার বজায় রেখে চলছেন উল্লেখ করে এ্যানি বলেন, ফ্যাসিবাদী শক্তিও কখনো তাদের সামনে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পায়নি।

সম্প্রতি উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের সমালোচনা করে এ্যানি বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি নির্দিষ্ট গোষ্ঠী বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারকে টার্গেট করে অশালীন ও নীতিবর্জিত আচরণ করছে, যা স্পষ্ট অপরাধ। ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ১৯৮৬ ও ১৯৯৬ সালে স্বৈরাচার ও ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করে ১৭২ দিন হরতাল-অবরোধের মাধ্যমে যারা জাতিকে কষ্ট দিয়েছিল, তাদের সঙ্গে ভৌগোলিক সীমান্তের ওপার থেকেই ইন্ধন জোগানো হচ্ছে।

জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি আ ন ম সাইফুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন ও জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি জহিরুল ইসলাম বুলবুলসহ দলের শীর্ষ নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *