একসময় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা ও কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির রসায়ন ছিল দুই বাংলার অনুরাগী ও নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২০১৯ সালের ৬ ডিসেম্বর ভালোবেসে আইনি বিয়েতে আবদ্ধ হন এই তারকা দম্পতি। তবে সাম্প্রতিক সময়ে তাদের আগের মতো একসঙ্গে আর দেখা না যাওয়ায় দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল তাদের সংসারের বর্তমান পরিস্থিতি নিয়ে। এবার কলকাতার এই খ্যাতনামা পরিচালকের সাম্প্রতিক এক মন্তব্যে সেই পুরোনো বিচ্ছেদের গুঞ্জন নতুন করে জোরালো হয়ে উঠেছে।
সম্প্রতি ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’ শীর্ষক একটি জনপ্রিয় পডকাস্টে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবন ও বর্তমান মানসিক অবস্থা নিয়ে খোলামেলা কথা বলেন সৃজিত মুখার্জি। কথোপকথনের এক পর্যায়ে তাকে প্রশ্ন করা হয়, জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে তিনি কি কোনো ‘স্থায়ী সম্পর্কের’ অভাব অনুভব করেন? জবাবে সৃজিত স্বীকার করেন যে, তিনি মাঝে মাঝে বেশ একাকিত্ব অনুভব করেন। তবে কাজের ব্যস্ততা, গান, ক্রিকেট এবং বন্ধুদের সঙ্গে কাটানো সময় তার সেই শূন্যতা পূরণ করে রাখে বলে জানান।
পডকাস্টের পুরো বক্তব্যে সৃজিত সরাসরি মিথিলার নাম কিংবা তাদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কথা উল্লেখ না করলেও তার মুখে ‘স্থায়ী সম্পর্কের অভাব’ এবং ‘একাকিত্ব’র মতো শব্দবন্ধ নতুন করে কৌতুহলের জন্ম দিয়েছে। নেটিজেন ও বিনোদনপ্রেমীদের অনেকেই প্রশ্ন তুলছেন-তবে কি সত্যিই ইতি ঘটেছে দুই বাংলার আলোচিত এই তারকা জুটির দাম্পত্য অধ্যায়ে?
পডকাস্টে নিজের অতীত সম্পর্কগুলো নিয়েও স্মৃতিচারণ করেন সৃজিত। চিত্রনায়িকা সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে অতীতে গড়ে ওঠা ঘনিষ্ঠতার বিষয়ে তিনি জানান, সময়ের বিবর্তনে জীবনযাত্রার নিয়মে সেই সম্পর্ক হারিয়ে গেছে। জীবনকে একটি রেলযাত্রার সঙ্গে তুলনা করে তিনি বলেন, জীবনের পথচলায় অনেকেই কিছুদিন সঙ্গে থেকে মাঝপথের স্টেশনে নেমে যায়, আবার কেউ হয়তো অনেক দীর্ঘ পথ পাশে থাকে। তবে দাম্পত্য বিচ্ছেদের বিষ্যে এখনও মিথিলা বা সৃজিতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

