প্রধান খবর

জামিন নামঞ্জুর, বিদিশা সিদ্দিক কারাগারে

রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি বহুল আলোচিত প্রতারণা ও অর্থ আত্মসাত মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আইনজীবী সৈয়দ গোলাম মুর্তুজা ইবনে ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ২০০১ সালে বারিধারা এলাকায় একটি ফ্ল্যাট কেনাবেচাকে কেন্দ্র করে ব্যবসায়ী মোশাররফ হোসেনের সঙ্গে ৮০ লাখ টাকার একটি বায়নানামা চুক্তি করেন বিদিশা। পরবর্তীতে বিদিশার কথামতো তাঁর মনোনীত ব্যক্তি ও বন্ধুর নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার প্রদান করা হয়। ২০০২ সালের মধ্যে ফ্ল্যাটের প্রয়োজনীয় দলিল বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা না করে দীর্ঘ দিন কালক্ষেপণ করা হয়।

পরবর্তীতে ফ্ল্যাট বুঝিয়ে দিতে ব্যর্থ হয়ে ২০০৫ সালে মোশাররফ হোসেনকে ৭২ লাখ টাকার একটি চেক প্রদান করেন বিদিশা। তবে হিসাব নম্বরে পর্যাপ্ত অর্থ না থাকায় ব্যাংক থেকে চেকটি ডিজঅনার বা প্রত্যাখ্যাত হয়। এ ঘটনায় প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে গুলশান থানায় মামলাটি করা হয়েছিল।

গ্রেপ্তারের পর বিদিশাকে আদালতে তুলে আইনজীবী জামিনের জোর দাবি জানালেও বিজ্ঞ বিচারক মামলা ও তথ্যাদি বিবেচনা করে তাঁকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *