প্রধান খবর

ক্রিপ্টো ব্যবসা পরিচালনায় নিজস্ব ব্যাংক খুলছে ট্রাম্প পরিবার

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে নিজের পরিবারের মালিকানাধীন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাতীয় ব্যাংক গড়ে তোলার অনন্য নজির স্থাপন করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প পরিবারের ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে যুক্ত ক্রিপ্টোকারেন্সিভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল (World Liberty Financial) মার্কিন ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা ‘অফিস অব দ্য কম্পট্রোলার অব দ্য কারেন্সি’ (ওসিসি)-র কাছ থেকে একটি জাতীয় ব্যাংক চালুর প্রাথমিক বা শর্তসাপেক্ষ অনুমোদন লাভ করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পূর্বে ওসিসি নির্ধারিত একাধিক কঠোর নিয়ন্ত্রক শর্ত পূরণ করবে। মূলত নিজেদের প্রবর্তিত ‘ইউএসডি১’ (USD1) নামক স্ট্যাবলকয়েন ইস্যু, কাস্টডি এবং আন্তর্জাতিক লেনদেন সহজতর করার লক্ষ্যেই তারা এই বিশেষায়িত ট্রাস্ট ব্যাংকিং সনদ বা লাইসেন্সের আবেদন করেছিল।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রশাসনের নজিরবিহীন সিদ্ধান্তের অংশ হিসেবে মাত্র ১৯ মাসে ওসিসি ২২টি ব্যাংকিং চার্টার অনুমোদন করেছে, যা বিগত পাঁচ বছরের মোট অনুমোদনের চেয়েও বেশি। ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৪০টি নতুন বাণিজ্যিক ও ট্রাস্ট প্রতিষ্ঠান নতুন ব্যাংকিং সনদের জন্য আবেদন জমা দিয়েছে। নিয়ন্ত্রক সংস্থাটি আগে আবেদনের সিদ্ধান্ত নিতে কয়েক মাস বা বছর সময় নিলেও বর্তমানে গড়ে ১২০ দিনের মধ্যে প্রাথমিক রূপরেখা অনুমোদন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

তবে মার্কিন ডেমোক্রেট সদস্য ও অর্থনীতিবিদদের একাংশ এই পদক্ষেপকে স্বার্থের চরম দ্বন্দ্ব হিসেবে অভিহিত করে তীব্র সমালোচনা করেছেন। তাঁদের মতে, স্বয়ং রাষ্ট্রপ্রধানের পরিবার এমন এক আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ হাতে রাখছে, যা তাঁদের নিজস্ব প্রশাসনের অধীনে থাকা তদারকি সংস্থা দিয়েই নিয়ন্ত্রিত হবে। তবে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের মুখপাত্ররা সকল অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছেন, আইনগত সকল কাঠামোগত স্বচ্ছতা মেনেই ওসিসির স্থায়ী নজরদারির আওতায় বিশ্বমানের আর্থিক সেবা পরিচালনা করবে তাঁদের এই ব্যাংক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *