রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সোমবার (২৪ আগস্ট) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের পক্ষ থেকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।
রাষ্ট্রপতি সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থেকে সৌদি আরবের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি দুই দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাতে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব সফর আরও নির্বিঘ্ন করার বিষয়েও আলোচনা হয়। রাষ্ট্রপতি হাজিদের দুর্ভোগ কমাতে মিনায় গোসলখানা ও শৌচাগারসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা উন্নয়নের জন্য সৌদি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। জবাবে সৌদি রাষ্ট্রদূত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
রাষ্ট্রপতি বলেন, সৌদি আরবে ৩৫ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন। বাংলাদেশের অর্থনীতি ও কর্মসংস্থানে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে উল্লেখ করে তিনি সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও বাংলাদেশ থেকে অগ্রাধিকার ভিত্তিতে জনশক্তি নেওয়ার জন্য সৌদি রাষ্ট্রদূতের মাধ্যমে অনুরোধ জানান তিনি।
এ সময় রাষ্ট্রপতি সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
সাক্ষাৎকালে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন তারা।

