ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সাবেক সহসাধারণ সম্পাদক ও সাংবাদিক ইব্রাহিম হোসাইন রেজোয়ানের বিরুদ্ধে করা মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সিএমজেএফ।
সোমবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনের সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব রাসেল। ইব্রাহিম হোসাইন রেজোয়ান বর্তমানে আগামীর সময়ে বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত।
সিএমজেএফের বিবৃতিতে বলা হয়, চলতি বছরের ১০ মার্চ ঢাকার সিএমএম আদালতে রেজোয়ানের বিরুদ্ধে মামলা করে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড। গত ১১ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি করা হয়েছে বলে জানায় সংগঠনটি।
ওই প্রতিবেদনে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্টের ইস্যু ব্যবস্থাপনায় ২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া অ্যাসোসিয়েটেড অক্সিজেন নিয়ে বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির অভিযোগের বিষয় তুলে ধরা হয়েছিল। প্রতিবেদনে প্লেসমেন্ট বাণিজ্য ও প্রসপেক্টাসে জাল স্বাক্ষরসহ বিভিন্ন অভিযোগের কথাও উল্লেখ করা হয়।
সংগঠনটির দাবি, প্রতিবেদন প্রকাশের ১০ দিন পর ২১ জানুয়ারি বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিটি ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে এবং ওই প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বর্তমানে বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগে রয়েছে।
এ পরিস্থিতিতে মামলাটিকে ‘মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক’ হিসেবে আখ্যায়িত করেছে সিএমজেএফ। সংগঠনটির মতে, এ ধরনের মামলা সাংবাদিকদের অনুসন্ধানী ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশে নিরুৎসাহিত করতে পারে।
সিএমজেএফ বলেছে, কোনো সংবাদে তথ্যগত ভুল বা অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট পক্ষ প্রতিবাদলিপি দেওয়া, সংশোধনী দাবি করা কিংবা প্রেস কাউন্সিলসহ নির্ধারিত আইনি ও পেশাগত ফোরামে অভিযোগ করতে পারে। এর পরিবর্তে সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি ফৌজদারি মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়রানি ও ভীতি প্রদর্শনের শামিল।
এ কারণে সাংবাদিক ইব্রাহিম হোসাইন রেজোয়ানের বিরুদ্ধে করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সিএমজেএফ। একই সঙ্গে সংগঠনটি জানিয়েছে, মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুঁজিবাজারের অন্যতম পূর্বশর্ত।
সিএমজেএফ আরও জানিয়েছে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে হয়রানি ও অন্যায়ের বিরুদ্ধে সংগঠনটি তার সদস্যদের পাশে থাকবে এবং এ ধরনের ঘটনায় সোচ্চার ভূমিকা অব্যাহত রাখবে।

