প্রধান খবর

মহারাষ্ট্রের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে তিন নবজাতকের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ হওয়ার পাশাপাশি ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তাদের মৃত্যু হয়। সোমবার (২৪ আগস্ট) ভোরে অমরাবতী জেলা মহিলা হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে এনডিটিভি জানিয়েছে, ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় একটি ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। ওই সময় বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে (এসএনসিইউ) ৩৯টি শিশু চিকিৎসাধীন ছিল।

আগুন লাগার খবর পেয়ে চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নবজাতকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন। চিকিৎসা সরঞ্জাম বিচ্ছিন্ন করে শিশুদের আগুন ও ধোঁয়ায় আক্রান্ত এলাকা থেকে নিরাপদ স্থানে নেওয়া হয়।

তবে এ ঘটনায় তিন নবজাতক গুরুতরভাবে দগ্ধ ও ধোঁয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। আরও ছয় শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাদের কাছের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এতে কোনো ধরনের প্রশাসনিক গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে কংগ্রেস নেতা ও সাবেক মন্ত্রী যশোমতী ঠাকুর হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, অগ্নিনির্বাপণ সরঞ্জামের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

অমরাবতীর জেলা অভিভাবক ও রাজস্বমন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *