দেশের আট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় সংশ্লিষ্ট অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির কারণে স্থানীয়ভাবে আবহাওয়া প্রতিকূল হয়ে উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ো আবহাওয়ার সময়ে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

