কসোভোয় গণকবর, মিলল ২৩ জনের দেহাবশেষ

কসোভোয় নতুন করে তিনটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এসব স্থান থেকে অন্তত ২৩ জনের দেহাবশেষ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, ১৯৯০-এর দশকের জাতিগত সংঘাতের সময় নিহত ব্যক্তিদের সেখানে সমাহিত করা হয়েছিল।

দেশটির প্রসিকিউটর, পুলিশ ও ফরেনসিক কর্মকর্তারা যৌথভাবে জানান, ফরেনসিক মেডিসিন ইনস্টিটিউটের বিশেষজ্ঞ দল খননকাজ চালিয়ে ২৩ ব্যক্তির কঙ্কালসদৃশ দেহাবশেষ উদ্ধার করেছে। তবে ডিএনএ পরীক্ষা ও অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে না।

১৯৯৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত কসোভো যুদ্ধে জাতিগত আলবেনীয় বিদ্রোহীদের সঙ্গে সার্বীয় বাহিনীর সংঘর্ষে প্রায় ১৩ হাজার মানুষ নিহত এবং ৪ হাজার মানুষ নিখোঁজ হন। পরবর্তী সময়ে বিভিন্ন গণকবরের সন্ধান মিললেও এখনো প্রায় ১ হাজার ৬০০ নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

উত্তরাঞ্চলের জুবিন পোটোক এলাকায় প্রায় দুই সপ্তাহ আগে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে খননকাজ শুরু হয়। কসোভোর ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তি জানিয়েছেন, উদ্ধার হওয়া দেহাবশেষগুলো ১৯৯৯ সালের বসন্তে মিত্রোভিৎসা শহর থেকে অপহরণ করে হত্যা করা ২৩ জাতিগত আলবেনীয়ের হতে পারে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

এ ঘটনায় সাম্প্রতিক সময়ে স্থানীয় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বেসামরিক জনগণের ওপর যুদ্ধাপরাধ সংঘটনের সন্দেহে তদন্ত চলছে। উদ্ধার হওয়া সব দেহাবশেষ ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্তের এই প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক মাস সময় লাগতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *