ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩ জন তিউনিসীয় নাগরিক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ইতালির উদ্দেশে যাত্রা করা নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছে তিউনিসিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা।
সংস্থাটির প্রধান মোস্তফা আবদেলকেবির জানান, নৌকাটি ডুবে যাওয়ার পর স্থানীয় একটি নৌযান দুইজনকে উদ্ধার করে। উদ্ধার হওয়া একজন জানিয়েছেন, নৌকাডুবির পর তারা কয়েক ঘণ্টা সাগরে আটকে ছিলেন। অপর ব্যক্তির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।
ইউরোপে পাড়ি জমানোর ক্ষেত্রে তিউনিসিয়া দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ একটি যাত্রাপথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। শুধু তিউনিসীয় নাগরিক নয়, আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসীরাও দেশটির উপকূল ব্যবহার করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন। ঝুঁকিপূর্ণ ও অতিরিক্ত যাত্রীবোঝাই নৌযানে এসব যাত্রা করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।
তবে গত দুই বছরে তিউনিসিয়া থেকে ইউরোপমুখী অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। দেশটির কঠোর অভিযান এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় সমুদ্রপথে নজরদারি ও নিয়ন্ত্রণ জোরদার হওয়াকে এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। তিউনিসিয়া ও ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন চুক্তি নিয়ে মানবাধিকার সংগঠনগুলো অবশ্য সমালোচনা করে আসছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাবে, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৩৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। তিউনিসিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ২০১১ সাল থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে সমুদ্রে প্রায় ১০ হাজার তিউনিসীয় নাগরিক নিখোঁজ হয়েছেন। সর্বশেষ নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

