প্রধান খবর

রাশিয়ার হয়ে যুদ্ধে জড়ানো বাংলাদেশি দেশে ফিরছেন রোববার

চাকরির প্রলোভনে প্রতারিত হয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়া বাংলাদেশিদের মধ্যে রাজন হোসেনকে উদ্ধার করে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) মস্কো সময় রাত সাড়ে ৯টায় তাকে দেশে ফেরার বিমানে তুলে দেওয়া হয়।

মস্কোয় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজনের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সম্পন্ন হওয়ার পর তার প্রত্যাবাসন নিশ্চিত করা হয়। উদ্ধার-পরবর্তী পুরো প্রক্রিয়া বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, রাজন হোসেন ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে আদ্দিস আবাবা হয়ে বাংলাদেশে ফিরবেন। রোববার বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে তার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

উচ্চ বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে অন্তত ৩০ বাংলাদেশি যুবককে প্রতারণার মাধ্যমে রাশিয়ায় পাঠানোর অভিযোগ রয়েছে। পরে তাদের কয়েকজন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়েন। এ ঘটনায় বাংলাদেশে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত ১ জুন প্রতারণার মাধ্যমে বাংলাদেশিদের রাশিয়ায় পাঠানোর অভিযোগে আর এস ইন্টারন্যাশনাল, জাবাল-ই-নূর ও টিএস ওভারসিস লিমিটেড নামে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার এবং জামানত বাজেয়াপ্ত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রাজনকে উদ্ধারের ঘটনায় দেশে ফেরার অপেক্ষায় থাকা অন্যান্য বাংলাদেশিদের মধ্যেও নতুন আশার সঞ্চার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *