রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৭টি মামলা করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩১ জন এবং ওয়ারী বিভাগে ৯১ জন রয়েছেন। এ ছাড়া উত্তরা ৫৯, তেজগাঁও ৫১, মতিঝিল ৪৮, গুলশান ৪৫, রমনা ৩৬, লালবাগ ৩১, গোয়েন্দা বিভাগে চারজন এবং সিটিটিসিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে দুটি দেশীয় তৈরি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, ৩৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ১০ হাজার ২৮৭ পিস ইয়াবা, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭০ বোতল স্কাফসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
এ ছাড়া পাঁচটি মোবাইল ফোন, প্রায় পাঁচ লাখ টাকা নগদ, একটি হাতঘড়ি, তাস, একটি ট্রাক, একটি মোটরসাইকেল ও একটি সিপিইউ উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদক ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

