‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’-সামাজিক যোগাযোগমাধ্যম ভেরিফায়েড ফেসবুক পেজে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের লেখা মাত্র পাঁচ শব্দের এই ছোট্ট বাক্যটি নিয়ে বিনোদন অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু এবং সাম্প্রতিক আইনি ঘটনাবলির প্রেক্ষাপটে শাবনূরের এই পোস্ট নতুন করে আলোচনা ও জোর কৌতূহলের জন্ম দিয়েছে।
সম্প্রতি সালমান শাহ হত্যা মামলার শুনানি শেষে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী গণমাধ্যমে চিত্রনায়ক ডনের জবানবন্দির তথ্য প্রকাশ করেন। তাঁর ভাষ্যমতে, ঘটনার দিন সালমান শাহর বাসায় সামিরা ও আজিজ মোহাম্মদ ভাইসহ কয়েকজন উপস্থিত ছিলেন। প্রথমে নাক-মুখে ক্লোরোফর্ম প্রয়োগ ও পরবর্তীতে বিশেষ ইনজেকশন দিয়ে তাকে অচেতন করার পর সিলিং ফ্যানে দড়ি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়। এই জবানবন্দি প্রকাশ্যে আসার পর দীর্ঘদিন নীরব থাকা শাবনূরের রহস্যময় পোস্টটি নেটিজেনদের নজর কাড়ে।
এদিকে বিভিন্ন সময়ে এই হত্যাকাণ্ডে শাবনূরের নাম জড়ানোর চেষ্টা করা হলেও সালমান শাহর মা নীলা চৌধুরী বিষয়টি স্পষ্ট করেছেন। পূর্বে তাঁদের প্রেমে জড়িয়ে নানা গুঞ্জন থাকলেও শাবনূর বরাবরই দাবি করে এসেছেন তাঁদের সম্পর্ক ছিল ভাই-বোনের মতো। সম্প্রতি নীলা চৌধুরীও সেই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে জানান, সালমান শাবনূরকে নিজের বোনের মতোই দেখতেন এবং তাঁদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না।
উল্লেখ্য, ১৯৯৩ সালে বড়পর্দায় পা রাখা সালমান শাহ তাঁর চার বছরের সংক্ষিপ্ত ক্যারিয়ারে মোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার মধ্যে ১৪টিতেই তাঁর নায়িকা ছিলেন শাবনূর। ‘স্বপ্নের ঠিকানা’, ‘সুজন সখী’ কিংবা ‘বিচার হবে’-র মতো একের পর এক সুপারহিট সিনেমা উপহার দেওয়া ঢালিউডের এই সফলতম জুটির সমীকরণ নিয়ে এতদিন পর ফের দেশজুড়ে আলোচনা শুরু হলো।

