প্রধান খবর

দীপু মনির প্যারোলে মুক্তির আবেদনের পর স্বামীর জানাজা ও দাফনের সিদ্ধান্ত

মুন্সীগঞ্জ কারাগারে বন্দি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে মুক্তির অনুমতি পাওয়ার পর তাঁর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের স্থান-সময় নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

দীপু মনির প্যারোলে মুক্তির আনুষ্ঠানিক আবেদনপত্র নিয়ে আইনজীবী এবং তাঁর স্বজনেরা বর্তমানে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করছেন। আবেদন মঞ্জুর হওয়া সাপেক্ষে প্রশাসনিক প্রক্রিয়ার পর জানাজার সময়সূচি চূড়ান্ত হবে।এর আগে, মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড (বর্তমান কন্টিনেন্টাল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তৌফিক নেওয়াজ ২০১৯ সালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (স্ট্রোক) সমস্যায় আক্রান্ত হন। দীর্ঘ দিন ধরে গুরুতর শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। সর্বশেষ গত ২৭ মে হুইলচেয়ারে করে অসুস্থ অবস্থায় কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করতে তাঁকে আদালতে নিয়ে এসেছিলেন স্বজনেরা। তাঁর জানাজা ও দাফন সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার দুপুরের পর স্বজনদের সম্মতিক্রমে নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *