পাটের ভালো ফলন ও দামে স্বস্তি শৈলকুপার চাষিদের

অনুকূল আবহাওয়া, সন্তোষজনক ফলন ও বাজারদামে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাটচাষিদের মধ্যে স্বস্তি ফিরেছে। ভালো ফলনের পাশাপাশি নতুন পাটের বাজারদরও আশাব্যঞ্জক হওয়ায় কৃষকদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৬ মৌসুমে শৈলকুপায় প্রায় ৯ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। প্রতি হেক্টরে গড়ে প্রায় ২ দশমিক ৯ টন ফলনের সম্ভাবনা রয়েছে। সে হিসাবে চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২৫ হাজার টন পাট উৎপাদনের প্রত্যাশা করছে কৃষি বিভাগ।

ইতোমধ্যে উপজেলার বিভিন্ন হাট-বাজারে নতুন পাট উঠতে শুরু করেছে। মানভেদে প্রতি মণ পাট ৩ হাজার ৮০০ থেকে সাড়ে ৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। উৎপাদন ব্যয়ের তুলনায় এ দাম সন্তোষজনক হওয়ায় কৃষকরা লাভের আশা করছেন।

শৈলকুপা পৌর এলাকার কৃষক আনছার আলী বলেন, গত বছর পাটে ভালো লাভ হওয়ায় এবার আবাদ বাড়িয়েছেন। ফলনও ভালো হয়েছে। বাজারদর বর্তমান পর্যায়ে থাকলে খরচ বাদ দিয়ে ভালো মুনাফা হবে বলে আশা করছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানান, কৃষকদের নিয়মিত মাঠপর্যায়ে পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হয়েছে। পাট জাগ দেওয়ার সময় উপযুক্ত আবরণ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে আঁশের গুণগত মান ও উজ্জ্বলতা বজায় থাকে। সময়মতো বৃষ্টিপাত হওয়ায় এ বছর পাটের আঁশের মানও ভালো হয়েছে।

কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, পরিবেশবান্ধব প্রাকৃতিক আঁশ হিসেবে বিশ্বব্যাপী পাটের চাহিদা বাড়ছে। উৎপাদনের পাশাপাশি সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে পাট আবারও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *