নাটোরের লালপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় উপজেলা ছাত্রদলের তিন কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন মো. জাহিদ হোসেন (৩২), মো. শফিকুল ইসলাম শফিক (৩৫) ও মো. মামুন আলী (২৫)।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ আগস্ট লালপুর উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ চলাকালে এনটিভি অনলাইনের প্রতিনিধি সাজিবুল হৃদয় এবং দৈনিক মানবজমিনের লালপুর উপজেলা প্রতিনিধি রাশিদুল ইসলামকে লাঞ্ছিত করার ঘটনায় ওই তিন কর্মীর সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হয়েছে। দলীয় শৃঙ্খলা ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
সাংবাদিক সাজিবুল হৃদয় বলেন, ছাত্রদলের সাংগঠনিক পদক্ষেপকে তারা ইতিবাচকভাবে দেখছেন। অন্যদিকে রাশিদুল ইসলাম বলেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে ধন্যবাদ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার প্রত্যাশা করেন তারা।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট বলেন, সাংবাদিক লাঞ্ছনার মতো ঘটনা ছাত্রদলের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন কর্মীকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১২ আগস্ট ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও তত্ত্বাবধায়ক নিয়োগের ফলাফল নিয়ে অসন্তোষের জেরে লালপুর উপজেলা পরিষদ চত্বরে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে দুই সাংবাদিক লাঞ্ছিত হন।

