প্রধান খবর

আজ শুরু ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি, ভাতা পাচ্ছেন ৩৭,৫৬৭ নারী

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলট প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আজ। প্রথম ধাপে দেশের ৩৭ হাজার ৫৬৭ জন নারী এই কর্মসূচির আওতায় ভাতা পাবেন। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কঠোর নজরদারি বজায় রাখছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই উপকারভোগী নারীরা তাদের ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ভাতার অর্থ গ্রহণ করতে পারবেন।

প্রাথমিক পর্যায়ে রাজধানীর কড়াইল ও ভাসানটেক বাগানবাড়ি বস্তিসহ দেশের বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি স্থানে এই কর্মসূচি চালু হচ্ছে। নির্বাচিত নারীপ্রধান পরিবারগুলো মাসিক ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন। তবে এই সুবিধা গ্রহণের সময় তারা অন্য কোনো সরকারি ভাতা পাবেন না, যদিও পরিবারের অন্য সদস্যদের প্রাপ্ত সুবিধা বহাল থাকবে।

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার বিভিন্ন সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ওয়ার্ড পর্যায়ের কমিটি বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্য সংখ্যা, শিক্ষা, বাসস্থান এবং গৃহস্থালির সামগ্রীর তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে এসব তথ্য সফটওয়্যারের মাধ্যমে দারিদ্র্য সূচক নির্ধারণ করে যাচাই করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, পাইলট পর্যায়ে নির্বাচিত উপকারভোগীরা মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতা পাবেন। ভবিষ্যতে এই কর্মসূচির আওতায় সমমূল্যের খাদ্যপণ্য সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *