টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর টুর্নামেন্টে সেরা পারফর্ম করা ক্রিকেটারদের নিয়ে সেরা একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ঘোষিত এই দলে সবচেয়ে বেশি জায়গা পেয়েছেন শিরোপাজয়ী ভারতের চারজন ক্রিকেটার।
আইসিসির প্রকাশিত তালিকায় ভারতের ওপেনার সাঞ্জু স্যামসন, ঈশান কিশান, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং পেসার জসপ্রীত বুমরাহ সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি ফাইনালে ৮৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে সাঞ্জু স্যামসন টুর্নামেন্ট সেরার পুরস্কারও অর্জন করেন।
এই একাদশে ওপেনিংয়ে আছেন পাকিস্তানের শাহিবজাদা ফারহান, যিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামকে দলের অধিনায়ক করা হয়েছে। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের উইল জ্যাকস ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।
বোলিং বিভাগে রয়েছেন ভারতের জসপ্রীত বুমরাহ, দক্ষিণ আফ্রিকার লুংগি এনগিডি, ইংল্যান্ডের আদিল রশিদ এবং জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি। এছাড়া যুক্তরাষ্ট্রের শ্যাডলি ভ্যান শালকউইককে দ্বাদশ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে। পুরো টুর্নামেন্টে ১৩ উইকেট শিকার করে তিনি বিশেষভাবে নজর কাড়েন।
সেরা একাদশ:
শাহিবজাদা ফারহান, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিশান, এইডেন মার্করাম (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, উইল জ্যাকস, জেসন হোল্ডার, জসপ্রীত বুমরাহ, লুংগি এনগিডি, আদিল রশিদ ও ব্লেসিং মুজারাবানি।
অতিরিক্ত খেলোয়াড়: শ্যাডলি ভ্যান শালকউইক।

