প্রধান খবর

শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

আজ ১৫ আগস্ট, বাংলাদেশের স্থপতি ও প্রাক্তন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বাসভবনে একদল সামরিক কর্মকর্তার হাতে তিনি সপরিবারে নিহত হন। পটপরিবর্তন ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পাশাপাশি সরকারি ছুটি না থাকায় এ বছর দিনটি উপলক্ষে দৃশ্যমান কোনো কেন্দ্রীয় বা প্রাতিষ্ঠানিক কর্মসূচি দেখা যাচ্ছে না।

১৯৭৫ সালের সেই কালরাতে শেখ মুজিবুর রহমান ছাড়াও নিহত হন তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল, এবং দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল। একই রাতে হত্যা করা হয় তার একমাত্র ভাই শেখ আবু নাসের, ফোন পেয়ে জীবন রক্ষায় ছুটে আসা নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল, এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হককে।

ঘাতকদের পৃথক হামলায় শেখ মুজিবুর রহমানের ভাগনে ও তৎকালীন যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি প্রাণ হারান। এ ছাড়া বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতের বাসায় হামলা চালিয়ে তাকে এবং তার কন্যা বেবি, পুত্র আরিফ, নাতি সুকান্ত বাবু, ভ্রাতুষ্পুত্র সজীব সেরনিয়াবাত ও আত্মীয় আবদুল নঈম খানকে নির্মমভাবে হত্যা করা হয়।

১৯২০ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করা শেখ মুজিবুর রহমান কলকাতা ইসলামিয়া কলেজে অধ্যয়নকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের সান্নিধ্যে এসে রাজনীতিতে সক্রিয় হন। পরবর্তী সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধিকার আন্দোলনের প্রধান রূপকার হয়ে ওঠেন তিনি। ১৯৬৬ সালের ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের মাধ্যমে তিনি তৎকালীন রাজনৈতিক মানচিত্রে অবিসংবাদিত নেতায় পরিণত হন।

তার রাজনৈতিক জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায় ছিল ১৯৭১ সালের ৭ মার্চ রমনার রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণ, যা পুরো জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল। রাজনৈতিক জীবনের দীর্ঘ পথ পরিক্রমায় তাকে প্রায় ১৩ বছর কারাবাস ভোগ করতে হয়। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর সরকারি ছুটি বাতিল হওয়ায় এ বছর তাঁর ৫১তম মৃত্যুবার্ষিকীতে নেই কোনো আনুষ্ঠানিক বা সরকারি আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *